শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:১৩, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১৩, ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা মেট্রোরেলের পরিচালন কার্যক্রম ও যাত্রীসেবার মান নিয়মিত তদারকির অংশ হিসেবে আগারগাঁও ও উত্তরা সেন্টার মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাওগাতুল আলম। এ সময় তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি স্টেশন দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনের সময় ব্যবস্থাপনা পরিচালক স্টেশনগুলোর সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া মেট্রোরেলের নন-ফেয়ার রেভিনিউ (Non-fare Revenue) খাতের আওতায় নির্মাণাধীন স্থাপনাগুলো কী পয়েন্ট ইনস্টলেশনস (Key Point Installations—KPI) নীতিমালা কঠোরভাবে অনুসরণ করে নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন ব্যবস্থাপনা পরিচালক। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নীতিমালা ও নিরাপত্তাবিধি মেনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
পরিদর্শনকালে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন-সংলগ্ন ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (Transit Oriented Development—TOD) কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে আনসার ক্যাম্প নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্টেশন পরিদর্শন শেষে মেট্রোরেল ভবনে এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। সভায় প্রকল্পটির সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
মেট্রোরেলের পরিচালন কার্যক্রমের নিয়মিত তদারকি, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং নন-ফেয়ার রেভিনিউ খাতের কার্যক্রমে নীতিমালা অনুসরণের মাধ্যমে সেবার মান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর এ পরিদর্শনে গুরুত্ব দেওয়া হয়।