শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৩৯, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৩৯, ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের বাজেট বাস্তবায়ন, পরিচালন ব্যয়, জমি ব্যবস্থাপনা, অবৈধ দখল এবং অনলাইন টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’। জাতীয় সংসদ সচিবালয়ের কমিটি শাখা-১৫ থেকে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগারের,এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে কমিটির সদস্যদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে স্থায়ী কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ এবং আগের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হবে। একই সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি এবং বাংলাদেশ রেলওয়ের অপারেটিং রেশিও পর্যালোচনা করা হবে। রেলওয়ের আয়-ব্যয়ের ভারসাম্য, পরিচালন ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনার কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ভূমি ব্যবস্থাপনা। এ বিষয়ে রেলওয়ের মোট জমির পরিমাণ, ব্যবহৃত জমি, ইজারাকৃত জমি, ইজারা থেকে অর্জিত আয় এবং ইজারাগ্রহীতাদের তালিকা উপস্থাপন করা হবে। পাশাপাশি অবৈধভাবে দখল করা রেলওয়ের জমির পরিমাণ, অবৈধ দখলদারদের তালিকা এবং ভূমিসংক্রান্ত মামলার প্রতিবেদনও পেশ করা হবে।
রেলওয়ের বিপুল পরিমাণ ভূমির সুষ্ঠু ব্যবহার, ইজারা কার্যক্রমের স্বচ্ছতা এবং অবৈধ দখলসংক্রান্ত সমস্যা মোকাবিলার ক্ষেত্রে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া রেলওয়ের জমি ও স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়েও আলোচনা হবে। রেলওয়ের জমি ও স্থাপনাকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা এবং এ-সংক্রান্ত উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অনলাইন রেল টিকিটিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও বৈঠকের অন্যতম প্রধান আলোচ্যসূচি। অনলাইনে টিকিট সংগ্রহ যাত্রীসেবার গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। তবে এ বিষয়ে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত বা সুপারিশ গৃহীত হবে, তা বৈঠক শেষে জানা যাবে।
স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপি, ছাড়াও কমিটির সদস্য হিসেবে বৈঠকে অংশগ্রহণের জন্য যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন শেখ রবিউল আলম এমপি , হাবিবুর রশিদ এমপি , মো. আব্দুল মহিত তালুকদার এমপি , ইসরাত সুলতানা ইলেন ভূট্টো এমপি , মো. আবু সাইদ চাঁদ এমপি, মো. রবিউল আওয়াল এমপি , মুঃ মিজানুর রহমান এমপি , মুহাম্মাদ আজীজুর রহমান এমপি এবং মো. গোলাম রব্বানী এমপি ।
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষে বৈঠকে উপস্থিত থাকার তালিকায় রয়েছেন সচিব মো. ফাহিমুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. রূপম আনোয়ার, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. জিয়াউল হক এবং অতিরিক্ত সচিব (বাজেট ও পরিবীক্ষণ) হাসান মাহমুদ। এ ছাড়া যুগ্মসচিব (আইন ও ভূমি) মো. শহিদুল ইসলাম ভূঞা, উপসচিব (আইন-১ শাখা) ও বিকল্প কাউন্সিল অফিসার মোহাম্মদ হানিফ, মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি, মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সুমন দাস এবং উপসচিব (সচিবের একান্ত সচিব) মো. শামীমুর রহমানের নামও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকার জন্য নাম রয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানের।
বাংলাদেশ রেলওয়ের পক্ষে উপস্থিত থাকার তালিকায় রয়েছেন মহাপরিচালক মো. আফজাল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীন, অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম, পিইঞ্জ, চট্টগ্রাম এবং পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম, রাজশাহীর নাম রয়েছে উপস্থিতির তালিকায়। রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) মো. লুৎফর রহমান এবং প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম) মো. নাদিম সারওয়ারও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
বৈঠকের আলোচ্যসূচি পর্যালোচনায় দেখা যায়, রেলওয়ের আর্থিক ব্যবস্থাপনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার থেকে শুরু করে যাত্রীসেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্র অনলাইন টিকিটিংয়ের স্বচ্ছতা—বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনাগত বিষয় গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে রেলওয়ের জমির পূর্ণাঙ্গ হিসাব, ইজারা থেকে আয়, অবৈধ দখল এবং ভূমিসংক্রান্ত মামলার প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
একইভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়টি রেলওয়ের জমি ও স্থাপনার বিকল্প ব্যবহার এবং সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। অন্যদিকে অনলাইন টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ যাত্রীদের টিকিটপ্রাপ্তি ও সেবার মান উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।
রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠেয় এ বৈঠকে এসব বিষয়ে কী আলোচনা হয় এবং কী সিদ্ধান্ত বা সুপারিশ আসে, সেদিকে সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।