ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

দোলনচাঁপা এক্সপ্রেসে হামলার ঘটনায় এম আর মনজুর তীব্র নিন্দা ও প্রতিবাদ।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৪৪, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪৪, ২৫ অক্টোবর ২০২৬

দোলনচাঁপা এক্সপ্রেসে হামলার ঘটনায় এম আর মনজুর তীব্র নিন্দা ও প্রতিবাদ।

দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির পর কর্তব্যরত লোকোমাস্টার ও গার্ডের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজু। তিনি এ ঘটনাকে নিন্দনীয় ও ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে এম আর মনজু বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, সরকারি দায়িত্ব পালনরত রেলওয়ের শ্রমিক ও কর্মকর্তাদের ওপর ট্রেনে এবং বিভিন্ন স্টেশনে হামলার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা শুধু নিন্দনীয় নয়, বরং ফৌজদারি অপরাধও বটে। তাই এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি বলেন, প্রয়োজনীয় জনবলের অর্ধেকেরও কম জনবল নিয়ে রেলওয়ের কর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে যাত্রীসেবা দিয়ে আসছেন। সীমিত জনবল ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা রেলওয়ের কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ অবস্থায় দায়িত্ব পালনকালে বারবার শ্রমিক ও কর্মকর্তাদের ওপর বেআইনিভাবে হামলার ঘটনা তাঁদের মনোবল ভেঙে দেয় এবং প্রশাসনের প্রতি তাঁদের আস্থায় চিড় ধরায়।

এম আর মনজু আরও বলেন, রেলওয়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনরত লোকোমাস্টার, গার্ডসহ রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি এসব হামলার পেছনে কোনো অপশক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, কিংবা শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে রেলওয়েতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান। একই সঙ্গে এসব ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজু।

তিনি মনে করেন, রেলওয়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন