শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:২২, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২২, ৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের রেল যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ এবং অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে চীনের অন্যতম বৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (CRCC)। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে দেশের রেল, সড়ক, সেতু ও নৌপরিবহন অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৃহৎ ও মেগা অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ আগ্রহী।
মন্ত্রী দেশের সামগ্রিক যোগাযোগব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়ন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব অবকাঠামো গড়ে তোলার ওপর সরকারের গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরেন। এ সময় CRCC-কে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অংশীদারত্ব সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
আলোচনায় রেল যোগাযোগের উন্নয়ন, কৌশলগত মহাসড়ক ও সেতু নির্মাণ, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং প্রস্তাবিত মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায়।
বৈঠকে উভয় পক্ষ বন্দর ও যোগাযোগ অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করে।
অন্যদিকে, CRCC চেয়ারম্যান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক বাংলাদেশের রেল ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।