ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৩১ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিতে প্রশিক্ষণ

প্রকাশ: ১৪:৫৯, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫৯, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তুলতে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫ সংশোধন আইন, ২০২৬, রেলওয়ে আইন, ১৮৯০ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTF) Phase-3” প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়, সিআরবি, চট্টগ্রামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) সুবক্তগীন।

প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি), বিভিন্ন স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেন, রেলসেবার মান উন্নয়নে ধূমপানমুক্ত পরিবেশ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। রেলওয়ে প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রেলওয়ে স্টেশন ও ট্রেনে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে যাত্রীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা প্রদান করা সম্ভব হবে। এটি বাংলাদেশ রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

সচিব স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা ও চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে একটি সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন