ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩

ঢাকায় বাংলাদেশ-ভারতের ৩৮তম আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক শুরু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১২, ৮ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বাংলাদেশ-ভারতের ৩৮তম আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক শুরু

ঢাকার রেল ভবনে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩৮তম আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক (IGRM) শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রথম দিনের বৈঠক চলছে। তিন দিনব্যাপী এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের উন্নয়ন উইংয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক।

বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা হলেন—বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দিন এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) রফিকুল বারী খান।

এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম মোহাম্মদ ভূঁইয়া, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (CCBL) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন) মো. শহিদুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (দক্ষিণ এশিয়া-১) মো. বাকী বিল্লাহ।

আরও রয়েছেন বাংলাদেশ রেলওয়ের পরিচালক, ট্রাফিক (পরিবহন) মো. মিজানুর রহমান, উপপরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) মিহরাবুর রশিদ খান, উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মো. খায়রুল কবির, সহকারী পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ আমিনুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) দ্বিতীয় সচিব (আন্তর্জাতিক বাণিজ্য ও চুক্তি) মিতুল বণিক এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখার উপদসচিব/সিনিয়র সহকারী সচিব।

অন্যদিকে, ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জনাব দীপক কুমার ঝা, অতিরিক্ত সদস্য (ট্রাফিক) এবং তিনি টিম লিডারের দায়িত্ব পালন করছেন।

ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা হলেন—জনাব অবিনাশ কুমার মিশ্র, নির্বাহী পরিচালক/টিটি(এফ), এমওআর; জনাব লোকেশ সিং, নির্বাহী পরিচালক/এমই(এফআরটি), এমওআর; জনাব রাম কান্ত সিং, নির্বাহী পরিচালক/কোচিং, এমওআর; শ্রীমতি মেঘা আগরওয়াল, পরিচালক (হিসাব), সড়ক মন্ত্রণালয়; মিঃ জয়কিষান, ডেপুটি পরিচালক/টিটি-VI, এমওআর; পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি জনাব নরপত সিং, আরএ, এইচসিআই/ঢাকা এবং জনাব প্রশান্ত কুমার গজভিয়ে, ক্লাস্টার হেড/কলকাতা, CONCOR।

দুই দিনের এ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ, আন্তঃদেশীয় ট্রেন চলাচল, রেলপথের অবকাঠামো উন্নয়ন, পণ্য ও কনটেইনার পরিবহন, ইন্টারচেঞ্জ, বাণিজ্যিক কার্যক্রম এবং দুই দেশের রেল খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

আজ প্রথম দিনের বৈঠক রেল ভবনে চলমান রয়েছে। বৈঠকের মাধ্যমে দুই দেশের রেল যোগাযোগ আরও সম্প্রসারণ ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন