ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩

জয়পুরহাট স্টেশনে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১, উদ্ধার ল্যাপটপ-মোবাইল।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩৫, ১৭ অক্টোবর ২০২৬

জয়পুরহাট স্টেশনে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১, উদ্ধার ল্যাপটপ-মোবাইল।

*রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অভিযানে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম (৪৩)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভাংরী এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জয়পুরহাটের বানিয়াপাড়া (কাচারিপাড়া) এলাকার বাসিন্দা মো. জিসান আহমেদ (১৭) ঢাকাগামী নয়, বরং ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। এ সময় তাঁকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তাঁর কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় আরএনবি জয়পুরহাটের একটি দল অভিযান চালিয়ে তাজুল ইসলামকে হাতেনাতে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন আরএনবি হাবিলদার মো. এমদাদুল হক। এ সময় তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের কাছে পাঠানো ১৭ অক্টোবরের ইনসিডেন্ট রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন