ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

পদ্মা রেল সংযোগের ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শনে মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:৩৭, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৭, ২১ নভেম্বর ২০২৬

পদ্মা রেল সংযোগের ক্ষতিগ্রস্ত পিলার পরিদর্শনে মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পদ্মা রেল লিংক) একটি পিলার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। শনিবার (২১ নভেম্বর) সকালে তিনি রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তগীনকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত পিলারটি পরিদর্শন করেন।

জানা গেছে, গভীর রাতে পদ্মা রেল লিংকের ওই পিলারে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পিলারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ওই পিলারের ওপর দিয়ে চলাচলকারী ট্রেনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) ক্ষতিগ্রস্ত পিলারের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় পিলারের ক্ষয়ক্ষতি এবং রেল চলাচলের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়।

এদিকে একই রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও খড়বোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বাস ও ট্রাকে থাকা আরোহীরা নিরাপদে বেরিয়ে আসেন বলে কাঁচপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে।

একই রাতে নারায়ণগঞ্জের দুটি পৃথক স্থানে আগুনের ঘটনায় জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পদ্মা রেল লিংকের ক্ষতিগ্রস্ত পিলার দিয়ে ট্রেন চলাচলে গতি সীমিত রাখার সিদ্ধান্তের ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন