শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৫৩, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৩, ২১ নভেম্বর ২০২৬
২১ নভেম্বর ২০২৬: দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে না পেরে এবার নিজেরাই ট্রেন থামানোর সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টা ২৩ মিনিটে তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই মিনিট ট্রেনটি আটকে রাখেন। পরে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
স্থানীয়দের দাবি, রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তারা একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তবে দীর্ঘদিনেও দাবি পূরণ না হওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
এ সময় এলাকাবাসী ঘোষণা দেন, এখন থেকে প্রতিদিন ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে দুই মিনিট করে থামানো হবে।
ঘটনাস্থলে জয়দেবপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) সদস্যরা উপস্থিত ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।
রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেনের নিয়মিত যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর এমন পদক্ষেপ রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।