ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দুর্ঘটনার মিছিল, লোকোমাস্টারের অভিজ্ঞতায় উঠে এলো অবৈধ ক্রসিং ও অসচেতনতার চিত্র

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:০৫, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০০, ২১ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দুর্ঘটনার মিছিল, লোকোমাস্টারের অভিজ্ঞতায় উঠে এলো অবৈধ ক্রসিং ও অসচেতনতার চিত্র

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হওয়ার এক দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেছেন চট্টগ্রাম শেডের সহকারী লোকোমাস্টার অনিক বি.সৈকত। শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি রেলপথের আশপাশে মানুষের অসচেতনতা, যানবাহন চালকদের বেপরোয়া আচরণ এবং অবৈধ ক্রসিংয়ের বিষয়গুলো তুলে ধরেন।

পোস্টে অনিক বি.সৈকত জানান, দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথের আশপাশের মানুষের কাছে ট্রেন এখনো অনেকটা নতুন ও কৌতূহলের বিষয়। শিশু থেকে বৃদ্ধ—অনেকের মধ্যেই ট্রেনকে ঘিরে এক ধরনের কৌতূহল ও ঝুঁকিপূর্ণ আচরণ দেখা যায়। শিশুদের রেললাইনের ওপর সারিবদ্ধভাবে পাথর সাজিয়ে রাখতে দেখা যায়। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি কেউ কেউ রেললাইন থেকে উঠে যাওয়ার সময়ও পাথর রেখে যান।

যানবাহন চালকদের আচরণ নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই লোকোমাস্টার। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, সিএনজিচালিত কিংবা ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে ট্রেনের সঙ্গে পাল্লা দেওয়ার প্রবণতা রয়েছে। রেললাইনের সমান্তরাল সড়ক হলে ট্রেনের আগে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। আর আড়াআড়ি সড়ক হলে ট্রেন আসার আগেই রেললাইন পার হওয়ার প্রতিযোগিতা চলে। অনেক সময় ভয়ে রেললাইনের আগে থেমে গেলেও আবার কেউ কেউ কোনোভাবে ট্রেনের আগে পার হয়ে যান। এরপর ট্রেনের দিকে তাকিয়ে ভয় জয় করার আনন্দ প্রকাশ করেন বলেও নিজের অভিজ্ঞতায় উল্লেখ করেছেন অনিক বি.সৈকত।

তিনি আরও লেখেন, ট্রেন থেকে বারবার হুইসেল দেওয়া হলেও অনেক চালক তা গুরুত্ব দেন না। এসব যানবাহনের চালকদের বড় একটি অংশ কিশোর কিংবা সদ্য যুবক বলেও তাঁর পর্যবেক্ষণে উঠে এসেছে।

রেলপথটির অবৈধ ক্রসিংয়ের বিষয়টিও বিস্তারিত তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, দোহাজারীর পর নতুন রেলপথের বিভিন্ন স্থানে প্রায় প্রতি ২০০ মিটার পরপর একটি করে অবৈধ ক্রসিং রয়েছে। ইসলামাবাদ থেকে কক্সবাজার অংশে কোথাও কোথাও প্রায় ১০০ মিটার পরপর এমন ক্রসিং রয়েছে বলে তাঁর ধারণা।

অনিক বি.সৈকতের মতে, স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানদের সহযোগিতায় বিভিন্ন গ্রাম ও পাড়ার জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করা হয়েছে। একটি রাস্তা দিয়ে গিয়ে রেললাইনের পর প্রয়োজন অনুযায়ী সেটি ভাগ করা সম্ভব হলেও বিভিন্ন স্থানে আলাদা আলাদা রাস্তা তৈরি করা হচ্ছে। স্থানীয়ভাবে যেভাবে ইচ্ছা রাস্তা তৈরি করে পরে সেগুলোর নিরাপত্তার দায়িত্ব রেলওয়ের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এভাবে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

ট্রেন পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালানোর সময় যতবার হুইসেল দিতে হয়, তার চার ভাগের এক ভাগও ঢাকা-চট্টগ্রাম রুটে দিতে হয় না। বিশেষ করে দোহাজারীর পর রেলপথের বিভিন্ন স্থানে যানবাহন চালকদের বেপরোয়া চলাচল এবং ট্রেনের আগে পার হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। দোহাজারীর পর ট্রেনের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকে। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেঁচে থাকার সুযোগ খুবই কম বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনা প্রতিরোধে রেলপথের আশপাশের প্রতিটি গ্রাম ও পাড়ায় সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এই সহকারী লোকোমাস্টার। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। তাঁর মতে, শুধু একটি রাস্তা তৈরি করে সেটির বৈধতা রেলওয়ের কাছে দাবি করার পরিবর্তে রেললাইন পারাপার ও ট্রেন চলাচল সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো বেশি প্রয়োজন। নিজ নিজ জায়গা থেকে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষাংশে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন