শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১, ৭ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ার ব্রেবেস জেলার বুমিয়ায়ু রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দেশটির দক্ষিণাঞ্চলীয় রেল যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) বিকেলে জোম্বাং থেকে জাকার্তাগামী একটি ট্রেনের তিনটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। দূর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ জংশনে ঘটায় আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইন সচল করতে কাজ শুরু করে। বিকেল ২টা ১৫ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
এদিকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে শাটল বাসের ব্যবস্থা করা হয়েছে, যা গন্তব্যের দিকে যাত্রীদের পৌঁছে দিচ্ছে।
একই সঙ্গে দক্ষিণাঞ্চলের বেশ কিছু ট্রেনকে বিকল্প পথে অন্য লাইনের মাধ্যমে চালানো হচ্ছে।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ চালিয়ে যাচ্ছেন।