শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ২০:০৭, ৭ এপ্রিল ২০২৬
নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলার লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা লোহাগড়া উপজেলার চর বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চর বকজুড়ির নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে পৌঁছে দিয়ে আবার বাড়ির উদ্দেশে ফিরছিলেন তিনি। পথে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।’