শিরোনাম
প্রকাশ: ১২:৩৬, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৭, ১৭ আগস্ট ২০২৬
ছবি: প্রথম আলো থেকে নেয়া
রেললাইনে পানি ওঠার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় উদ্দেশে দুটি ট্রেন ছাড়লেও তা ষোলশহর স্টেশনে আটকে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে প্রথম ট্রেনটি বটতল স্টেশন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। ওই ট্রেনে ছিলেন অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমানুর রহমান। তিনি বলেন, ‘সকালের প্রথম ট্রেনে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দিয়েছিলাম। তবে ষোলশহরে আসার পর ট্রেনটি থেমে যায়। পরে জানতে পারি রেললাইনে পানি ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।’
ইমানুর রহমান আরও বলেন, ‘ট্রেন বন্ধ হয়ে পড়ায় ক্লাস করা তো আর সম্ভব হয়নি, বরং ভোগান্তিতে পড়তে হয়েছে। আমার মতো শাটল ট্রেনে থাকা অনেক শিক্ষার্থীরই একই অবস্থা।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গামী দ্বিতীয় ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে বটতল স্টেশন ছেড়েছে। সেটিও ষোলশহরে আটকে পড়ে। সকালের প্রথম ট্রেনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর ৮টা ৪০ মিনিটে পুনরায় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়ার কথা ছিল।
জানতে চাইলে ষোলশহরের স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন বলেন, ‘ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে অনেক পানি জমে রয়েছে। তাই শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। আমরা শাটল ট্রেন চলাচল পুনরায় চালুর চেষ্টা করছি।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন আজ সকালে , ‘সকালে ষোলশহরে আটকে পড়া শিক্ষার্থীদের বাসে করে যাতে ক্যাম্পাসে নিয়ে আসা যায়, সে চেষ্টা চলছে।’