শিরোনাম
প্রকাশ: ১৫:৫৯, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০১, ১৭ আগস্ট ২০২৬
রেললাইনে পানি ওঠায় সাময়িক বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে শাটল ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
এর আগে সকালে নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকে পড়ে। ষোলশহর ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনে পানি জমে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৭টা ১৫ মিনিটে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে প্রথম শাটল ট্রেনটি ছেড়ে ষোলশহরে আটকে পড়ে। পরে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া দ্বিতীয় ট্রেনটিও একই স্থানে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা।
পরে রেললাইনে জমে থাকা পানি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এসএসএই / কার্য/ ষোলশহর জনাব কামরুল হাসান ও এসএসএই / পথ/ ষোলশহর জনাব জিল্লুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সার্বিক তত্ত্বাবধানে দুপুর ১২টা ৫০ মিনিটে শাটল ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। ফলে সাময়িক ভোগান্তির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নগরীর শাটল ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।