শিরোনাম
প্রকাশ: ০১:৫২, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৫৩, ১৭ আগস্ট ২০২৬
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নুর ইসলাম (২৫), মো. হৃদয় হোসেন (১৮), কামাল হোসেন (৩০) ও মো. হৃদয় (২৭) নামের চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে নুর ইসলামকে পারাবত ট্রেনের পানির কল চুরির অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মো. হৃদয় হোসেনকে পারাবত ট্রেনের ছাদ থেকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। কামাল হোসেনকে মোবাইল চুরির অপরাধে ছয় মাস এবং মো. হৃদয়কে ছিনতাইয়ের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।