শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৫৬, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫৬, ১০ নভেম্বর ২০২৬
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য রাখা ট্রেনের কোচ থেকে আস্ত জানালা খুলে চুরির অভিযোগে মো. শাহান মন্ডলকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। সোমবার (৯ নভেম্বর) কারখানার ক্যারেজ সপে এ চুরির ঘটনা ঘটে।
আটক শ্রমিক সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনির ৯৯২ নম্বর কোয়ার্টারের মৃত শহিদুল ইসলাম মন্ডলের ছেলে মো. শাহান মন্ডল (৩২)। তিনি কারখানার টিএলআর (অস্থায়ী কর্মচারী) হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় সংস্কারের জন্য আনা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের কোচ থেকে প্রায়ই যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা সাদাপোশাকে নজরদারির পাশাপাশি গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।
এরই ধারাবাহিকতায় ক্যারেজ সপে রাখা ১৮টি কোচের র্যাক থেকে জানালা চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির দৃশ্য। ফুটেজ পর্যালোচনা করে টিএলআর কর্মচারী শাহান মন্ডলকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চুরির বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে আটক করা হয়। পরে তার রিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
আরএনবি সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহান মন্ডল একটি কোচ থেকে আস্ত জানালা খুলে ভেঙে ক্যারেজ সপসংলগ্ন রেলওয়ের স্টোর সপের দেয়ালের ওপর দিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। পরে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন তিনি । পরিবারের দাবি তিনি মাদকাসক্ত হওয়ায় এমন চুরির ঘটনা ঘটিয়েছেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে জানালা খুলে ভেঙে পুকুরে ফেলে দেওয়ার দৃশ্য দেখা গেছে। শাহান মন্ডল চুরির বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে কারখানায় চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কয়েকটি চুরির ঘটনায় জড়িতদের আটক করে সাময়িক বরখাস্ত ও মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে চুরির ঘটনা অনেকটা কমে গেছে।