শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:০৯, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১০, ৭ নভেম্বর ২০২৬
রেলওয়ের মেকানিক্যাল কর্মীদের অধিকার ও কল্যাণে ‘বাংলাদেশ রেলওয়ে ফিটিং কল্যাণ অ্যাসোসিয়েশন’ গঠনের উদ্যোগ:
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত মেকানিক্যাল বিভাগের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পদোন্নতি ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ রেলওয়ে ফিটিং কল্যাণ অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়েতে গার্ড অ্যাসোসিয়েশন, সিগন্যাল অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন থাকলেও ক্যারেজ, লোকো ও ডিজেল শপসহ মেকানিক্যাল বিভাগের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ ও অধিকার নিয়ে সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি পৃথক সংগঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্যোক্তাদের মতে, রেলওয়ের মেকানিক্যাল বিভাগের শ্রমিক-কর্মচারীরা পদোন্নতি, পদায়ন, সুযোগ-সুবিধা এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় যথাযথ গুরুত্ব পান না। ফলে তারা নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। এসব সমস্যা প্রশাসনের নজরে আনা এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সম্মিলিতভাবে কাজ করাই হবে প্রস্তাবিত সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
সংগঠনটি গঠনের উদ্যোগ নিয়েছেন মো. সোহেল রানা, ইলেকট্রিক মিস্ত্রি (গ্রেড-২), ডিএমই লোকো, ঢাকা।
তিনি মনে করেন, মেকানিক্যাল বিভাগের সব পর্যায়ের শ্রমিক-কর্মচারীকে একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা গেলে তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত সমস্যাগুলোও প্রশাসনের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
প্রস্তাবিত ‘বাংলাদেশ রেলওয়ে ফিটিং কল্যাণ অ্যাসোসিয়েশন’ গঠনের মাধ্যমে সারা দেশের মেকানিক্যাল বিভাগের শ্রমিক-কর্মচারীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার সচেতনতা গড়ে তোলার প্রত্যাশা করছেন উদ্যোগ গ্রহণকারীরা।