শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৪৬, ৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৮, ৯ নভেম্বর ২০২৬
মিসরের গিজা শহরের কাছে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু জায়গায় উল্টে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।
বিবিসি সূত্রে জানা গেছে, দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা ও রাজধানী কায়রো থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল ট্রেন দুটি। পথে সেগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু স্থানে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, উল্টে যাওয়া বগির ভেতরে আহত যাত্রীদের খুঁজছেন উদ্ধারকর্মী ও স্থানীয় লোকজন। আহতদের উদ্ধারে ব্যাপক জরুরি তৎপরতা চালানো হচ্ছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেছেন, দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করতে এবং অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
মিসর সরকার জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে এলাকার হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক আহত রোগী আসায় হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি নেয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাত পাওয়ার মতো চোট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।