শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯:৫২, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫২, ১০ নভেম্বর ২০২৬
প্রতিষ্ঠার প্রায় শত বছর হতে চললেও উন্নয়নের ছোঁয়া লাগেনি নাটোরের ঐতিহ্যবাহী মাধনগর রেলওয়ে স্টেশনে। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত স্টেশনটি দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার থেকে বঞ্চিত। ফলে প্রতিদিন যাতায়াতকারী যাত্রীদের পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
স্টেশনটির প্ল্যাটফর্মে বৃষ্টি হলে পানি পড়ে, মেঝের ইট উঠে তৈরি হয়েছে খানাখন্দ। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কম হওয়ায় ট্রেন থেকে ওঠানামা করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। নেই পাবলিক টয়লেট, স্টাফদের আবাসন ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। প্ল্যাটফর্মে শেড থাকলেও চারপাশ দিয়ে পানি পড়ায় বৃষ্টির সময় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ে।
নাটোর জেলার ১২টি রেলওয়ে স্টেশনের মধ্যে ঐতিহ্যবাহী মাধনগর স্টেশনটি অন্যতম। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্টেশনটির যাত্রীসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। আলাদা বুকিং অফিস না থাকায় স্টেশন মাস্টারকে নিজ কার্যালয়ের ভেতরেই টিকিট বিক্রি করতে হয়। এতে নগদ অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের দাবি, স্টেশনটি দিয়ে প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০টি ট্রেন চলাচল করলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। অথচ স্টেশনটি থেকে মাসে প্রায় সাত লাখ টাকা রাজস্ব আয় হয় বলে দাবি সংশ্লিষ্টদের। রাজস্ব আয়ের তুলনায় যাত্রীসেবার মান অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে বলে অভিযোগ যাত্রী ও স্থানীয়দের।
মাধনগর স্টেশনে আন্তঃনগর রূপসা, বুড়িমারী ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং স্টেশন সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময়ে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন তারা।
স্থানীয় বাসিন্দা ফজলে রাব্বী, ইয়ার আলী, রেজাউল ইসলাম, ফটিক হোসেন, বিপ্লব, রবিউল ইসলাম, সৌমিক ও মাজদুল ইসলামসহ অনেকে বলেন, দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন হলেও মাধনগর স্টেশনটি দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। স্টেশনের প্ল্যাটফর্ম, শেড, টয়লেট ও যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা অত্যন্ত নাজুক। অবিলম্বে স্টেশনটির আধুনিকায়ন এবং যাত্রীসেবার মান বাড়ানোর দাবি জানান তারা।
তাদের মতে, রূপসা, বুড়িমারী ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু করা হলে যাত্রীসংখ্যা ও রাজস্ব আয় আরও বাড়তে পারে। পাশাপাশি স্টেশনটির গুরুত্বও বৃদ্ধি পাবে।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, স্টেশনটির বিভিন্ন সমস্যা ও উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এদিকে, স্টেশনটির সংস্কার, আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে জানতে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রায় শত বছরের পুরোনো এই স্টেশনটির ঐতিহ্য ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।