ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:৫৯, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০০, ১৩ নভেম্বর ২০২৬

আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা, হাত হারালেন তরুণী

ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে অন্য আরেক যাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় তরুণীর বাঁ হাত কাটা পড়েছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে তাকে। খবর এনডিটিভির।

এ ঘটনায় জিতেন্দ্র হিরমুখে (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাইগাঁও পূর্ব এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, বোরিভালি থেকে ভিরারগামী লোকাল ট্রেনে যাত্রা করছিলেন তিনি। এ সময় সহযাত্রী জিতেন্দ্র তাকে বারবার আপত্তিকরভাবে স্পর্শ করেন। এর প্রতিবাদে তরুণী ক্ষুব্ধ হয়ে নিজের স্যান্ডেল ছুড়ে মারলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে অন্য যাত্রীরা এগিয়ে এলেও অভিযুক্ত ব্যক্তি গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনিও নিজের স্যান্ডেল ছুড়ে মারেন ওই তরুণীর দিকে।

ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছানোর পরও তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি তরুণীকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মধ্যবর্তী ফাঁকা জায়গায় পড়ে যান। সেখান থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময় ট্রেন চলতে শুরু করে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন যাত্রী তাকে উদ্ধার করেন। ঘটনার পরপরই ভিড়ের মধ্যে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা দিয়ে তরুণী বলেন, নাইগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে যৌন হয়রানি করতে শুরু করেন। প্রতিবাদ জানিয়ে তিনি অভিযুক্তকে প্রশ্ন করেন, তার বাড়িতে মা-বোন নেই কি না। কিন্তু এরপরও হয়রানি বন্ধ করেননি ওই ব্যক্তি।

তরুণী বলেন, তিনি ওই ব্যক্তিকে গালিগালাজ করলে তিনিও পাল্টা গালিগালাজ করেন। একপর্যায়ে স্যান্ডেল দিয়ে তাকে সরানোর চেষ্টা করলে ওই ব্যক্তি নিজের স্যান্ডেল দিয়ে তাকে আঘাত করেন। পরে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

আহত তরুণী বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। আমার পুরো জীবনটাই যেন শেষ হয়ে গেল। পরিবারের সব দায়িত্ব আমিই পালন করতাম। এখন একটি হাত দিয়ে কিছুই করতে পারছি না। মাথায় ১৬টি সেলাই পড়েছে। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আর ওই ব্যক্তির শাস্তি চাই।’

এদিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তদন্ত নিয়েও সন্দেহ প্রকাশ করেছে তরুণীর পরিবার। তাদের অভিযোগ, এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা অন্তর্ভুক্ত করা হয়নি।

পরে পরিবারটি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সহায়তা চায়। দলটির নেতারা সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) জ্যেষ্ঠ পরিদর্শকের সঙ্গে দেখা করেন। এরপর পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ধারাগুলো শিগগিরই মামলায় যুক্ত করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন