ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

ছেলের হত্যার বিচার পেতে ৬ বছরের লড়াই, এবার প্রাপ্য সুবিধার আশায় ৮০ বছরের মা!

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:২৫, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৬, ১৩ নভেম্বর ২০২৬

ছেলের হত্যার বিচার পেতে ৬ বছরের লড়াই, এবার প্রাপ্য সুবিধার আশায় ৮০ বছরের মা!

জিএম (পূর্ব)-এর নির্দেশের পরও হয়নি বোর্ড সভা, আটকে আছে গোষ্ঠী বীমা ও বেনিভোলেন্ট ফান্ডের আবেদন

ছেলের হত্যার বিচার পেতে ছয় বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন। এবার মৃত ছেলের চাকরিজীবনের প্রাপ্য আর্থিক সুবিধা পেতে রেলওয়ের দপ্তরে দপ্তরে ঘুরছেন ৮০ বছরের ঊর্ধ্বে বিধবা মা মোছাঃ রওশন আরা বেগম।

অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) তাঁর আবেদন বোর্ড অব ট্রাস্টিজের সভায় উপস্থাপনের নির্দেশ দিলেও প্রায় এক বছরেও সেই সভা অনুষ্ঠিত হয়নি। ফলে আটকে আছে মৃত ছেলের গোষ্ঠী বীমা ও বেনিভোলেন্ট ফান্ডের সুবিধা পাওয়ার আবেদন।
নথি অনুযায়ী, রওশন আরা বেগমের ছেলে মোঃ মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়ের এস.এস. ফিটার (টি/নং-১০১০) পদে ডিএমই (লোকো), ঢাকায় কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২৮ নভেম্বর তিনি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ভৈরব থানায় মামলা নং-৬০(১১)১৯ দায়ের হয়, যা পরবর্তী সময়ে ২৪১/২০২১ নম্বরে বিচারিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়। ছেলের হত্যার বিচার পেতে মা নিজেই মামলার বাদী হয়ে দীর্ঘ ছয় বছর আইনি লড়াই করেন।

পরিবারের দাবি, চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতে মাহবুবুর রহমানের মাত্র ১১ দিন বাকি ছিল। ফলে চাকরির মেয়াদসংক্রান্ত শর্তে পরিবারটি পেনশন সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে।

রওশন আরা বেগমের দাবি, ছেলের মৃত্যুর ছয় মাসের মধ্যেই তিনি ডিপিও/ঢাকায় যোগাযোগ করেছিলেন। তখন তাঁকে জানানো হয়, বৈধ ওয়ারিশ নির্ধারণ না হওয়া পর্যন্ত কার্যক্রম এগোনো সম্ভব নয়। পরবর্তী সময়ে হত্যা মামলার বিচার, করোনাকালীন পরিস্থিতি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে দীর্ঘ সময় পেরিয়ে যায়।

নিজেকে মৃত ছেলের একমাত্র বৈধ উত্তরাধিকারী দাবি করে গোষ্ঠী বীমা ও বেনিভোলেন্ট ফান্ডের সুবিধা চেয়েছেন তিনি। তবে উত্তরাধিকারসংক্রান্ত বিষয়টি আদালতের রায় ও প্রযোজ্য আইন অনুযায়ী যাচাই করা প্রয়োজন।

রওশন আরা বেগম ১৪ অক্টোবর ২০২৫ তারিখে মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম বরাবর আবেদন করেন। পরে ১৯ নভেম্বর ২০২৫ তারিখে মহাপরিচালকের দপ্তর থেকে পত্র নং-৫৪.০১.০০০০.০০৬.১৩.০০৮.০৯ (লুজ)-৫৩১-এর মাধ্যমে আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এদিকে, বাংলাদেশ রেলওয়ে কর্মচারী বেনিভোলেন্ট ফান্ড কার্যালয়, সিআরবি, চট্টগ্রাম থেকে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে পাঠানো পত্র নং-৫৮৬-ই/৮৯/মিস (ডব্লিউ) খণ্ড-২-এ উল্লেখ করা হয়, ১২ নভেম্বর ২০২৫ তারিখে জিএম (পূর্ব) আবেদনটি পরবর্তী বোর্ড অব ট্রাস্টিজের সভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।

কিন্তু আবেদনকারীর অভিযোগ, নির্দেশনার পরও প্রায় এক বছরেও বোর্ড সভা হয়নি, মেলেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে প্রশ্ন উঠেছে, আবেদনটি কোন পর্যায়ে রয়েছে এবং নিষ্পত্তিতে আর কত সময় লাগবে?
এ বিষয়ে বেনিভোলেন্ট ফান্ডের সচিব, সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (পূর্ব), চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক (পূর্ব)-এর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

একজন বৃদ্ধা মায়ের দাবি, জীবদ্দশায় যেন তিনি ছেলের প্রাপ্য আর্থিক সুবিধা পেয়ে যেতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন—দ্রুত বোর্ড সভা করে বিষয়টি পর্যালোচনা ও নিষ্পত্তি করা হোক। আইনগতভাবে দাবি প্রাপ্য হলে সুবিধা নিশ্চিত করা এবং কোনো বাধা থাকলে তা লিখিতভাবে জানানো হোক।

ছেলের হত্যার বিচার পেতে ছয় বছরের লড়াই শেষে এবার আর্থিক প্রাপ্যতার অপেক্ষায় এই মা। তাঁর আবেদন কি এবার প্রশাসনিক ফাইলের গণ্ডি পেরিয়ে সমাধানের মুখ দেখবে?

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন