শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১২:৪২, ১৫ জুন ২০২৬
চট্টগ্রামের হালিশহরে প্রশিক্ষণপ্রাপ্ত পয়েন্টসম্যানদের মধ্যে কর্মক্ষেত্রের বাস্তবতা নিয়ে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশিক্ষণে যে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, মাঠপর্যায়ে বাস্তব কাজের সঙ্গে তার কোনো মিল নেই।
ভুক্তভোগী পয়েন্টসম্যানদের দাবি, প্রশিক্ষক ও GS Rules অনুযায়ী একজন পয়েন্টসম্যানের মূল দায়িত্ব হলো স্টেশন মাস্টারের নির্দেশনা অনুযায়ী পয়েন্ট ও সিগন্যাল পরিচালনা করা। কিন্তু বাস্তবে তাদের দিয়ে নিয়মবহির্ভূতভাবে শান্টিং পোর্টার ও শান্টিং জমাদারের দায়িত্ব পালন করানো হচ্ছে।
তাদের ভাষ্য, শান্টিং পোর্টার ও শান্টিং জমাদারদের কাজ পরিচালিত হওয়ার কথা ইয়ার্ড ফোরম্যান বা ইয়ার্ড মাস্টারের অধীনে। সেখানে পয়েন্টসম্যানদের এসব কাজে নিয়োজিত করা GS Rules-এর পরিপন্থী এবং এতে কর্মক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি তৈরি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের নেতারা জানান, সমস্যার সমাধানের দাবিতে গত ১৪ অক্টোবর ২০২৫ রেল ভবন ও জাতীয় প্রেসক্লাবের সামনে দিনব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর সমাধান মেলেনি।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, রেল ভবন থেকে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট GM, DRM ও COPS-দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলেও প্রায় আট মাস পেরিয়ে গেলেও বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
পয়েন্টসম্যানদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত এসব দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। অনেকেই আহত হচ্ছেন, কেউ কেউ প্রাণও হারাচ্ছেন। অথচ এই ঝুঁকিপূর্ণ কাজের বিপরীতে কোনো ঝুঁকি ভাতা বা অতিরিক্ত আর্থিক সুবিধা পাচ্ছেন না তারা।
তাদের প্রশ্ন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে যদি এভাবে আহত ও নিহতের সংখ্যা বাড়তেই থাকে, তবে এর দায়ভার কে নেবে?
দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়ম অনুযায়ী দায়িত্ব বণ্টন এবং ঝুঁকিপূর্ণ কাজের জন্য যথাযথ নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পয়েন্টসম্যানরা।