শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ২২:৫২, ১৪ জুন ২০২৬
ঢাকার তেজগাঁও রেলওয়ে কলোনীর তেজকুনিপাড়া এলাকায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এর এক হাবিলদারের বিরুদ্ধে সরকারি কোয়ার্টার বহিরাগতদের কাছে ভাড়া দিয়ে সেখানে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, আরএনবি’র হাবিলদার মোঃ মোতালেব হোসেন, যিনি তেজগাঁও রেলওয়ের সরকারি কোয়ার্টার বাসা নং- ই/১১৫ এর নিচতলার ফ্ল্যাট নং-খ এ বরাদ্দপ্রাপ্ত, তিনি অসাধুভাবে কোয়ার্টারটি বহিরাগতদের কাছে ভাড়া দিয়েছেন। এলাকাবাসীর দাবি, তার ছত্রছায়ায় ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা, জুয়া এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলমান রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে ফরিদা ও মিনহাজুল স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), ঢাকা বিভাগ, কমলাপুর বরাবর দাখিল করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপথগামী হয়ে পড়ছে। একই সঙ্গে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত আরএনবি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।