ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

চাকরি বিধিমালা কার্যকরের দাবিতে মেট্রোরেল কর্মীদের অবস্থান কর্মসূচি ৬ আগস্ট পর্যন্ত স্থগিত

প্রকাশ: ১৪:১৯, ১ আগস্ট ২০২৬

চাকরি বিধিমালা কার্যকরের দাবিতে মেট্রোরেল কর্মীদের অবস্থান কর্মসূচি ৬ আগস্ট পর্যন্ত স্থগিত

স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা (সার্ভিস রুলস) কার্যকরের দাবিতে চলমান অবস্থান কর্মসূচি আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। যাত্রীসেবার স্বার্থ বিবেচনায় তারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দিলেও নির্ধারিত সময়ের মধ্যে চাকরি বিধিমালা কার্যকর না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

জানা গেছে, এদিন সকাল ৯টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে ২৮, ২৯ ও ৩০ জুলাই প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হলেও মেট্রোরেলের ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর এক যুগ পার হলেও ৯০০-র বেশি নিয়মিত কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনো কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন করা হয়নি। অথচ ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালুর পর থেকে তারা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছেন।

তাদের দাবি, চাকরি বিধিমালা না থাকায় চাকরির নিরাপত্তা, পদোন্নতি, বদলি, শৃঙ্খলাবিধি ও প্রশাসনিক সিদ্ধান্তে অনিশ্চয়তা, বৈষম্য এবং অস্বচ্ছতা তৈরি হয়েছে। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ার পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কর্মীরা জানান, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট উপদেষ্টা ৬০ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশনা দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে কর্মচারীদের দাবির মুখে ডিএমটিসিএলের ৭৩তম বোর্ড সভায় সার্ভিস রুলস অনুমোদিত হলেও তা কার্যকর না করে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়। অনুমোদনের সাত মাস পার হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলেও অভিযোগ তাদের।

আন্দোলনকারীরা আরও জানান, ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বোর্ড সভায় সার্ভিস রুলস কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আশা করা হয়েছিল। কিন্তু সভাটি স্থগিত হওয়ায় এবং যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা আগামী ৬ আগস্ট পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই সময়ের মধ্যে চাকরি বিধিমালা কার্যকর না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা বলেন, ভবিষ্যতে কর্মসূচির কারণে জনভোগান্তি সৃষ্টি হলে এর দায়ভার ডিএমটিসিএল কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন