শিরোনাম
স্বপন কুমার সিং, শ্রীমঙ্গল সংবাদ দাতা
প্রকাশ: ০৩:০১, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:০২, ২ আগস্ট ২০২৬
রেলসেবার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১ আগস্ট) সকালে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেসে করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছে তিনি স্টেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগার, টয়লেট, বাথরুম এবং যাত্রীসেবার বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন। এ সময় স্টেশন মাস্টারের কাছ থেকে স্টেশনের সার্বিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাত্রীসেবার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রেলস্টেশন শুধু যাত্রী ওঠানামার স্থান নয়, এটি রেলওয়ের সেবার মানের প্রতিচ্ছবি। তাই প্রতিটি স্টেশনে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
পরে তিনি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করে প্ল্যাটফর্ম, যাত্রী বিশ্রামাগার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পর্যটননগরী শ্রীমঙ্গলে রেলসেবার মানোন্নয়ন এবং যাত্রীসুবিধা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এরপর ভানুগাছ রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় স্থানীয় যাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। ট্রেনের দরজায় দাঁড়িয়ে তিনি যাত্রীদের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় যাত্রীরা ট্রেনের সময়ানুবর্তিতা, স্টেশন সুবিধা বৃদ্ধি, টিকিটিং ব্যবস্থা উন্নয়ন এবং অবকাঠামোগত সংস্কারের দাবি জানান। মন্ত্রী এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার রেলওয়েকে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব গণপরিবহনে পরিণত করতে কাজ করছে। যাত্রীসেবার মান উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও জানান, ঢাকা-সিলেট রেল করিডরের উন্নয়নের পাশাপাশি প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটনসমৃদ্ধ সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত রেলপথ ও স্টেশনগুলোর বিদ্যমান অবস্থা মূল্যায়নের পাশাপাশি প্রস্তাবিত সিলেট-জাফলং রেলপথ নির্মাণের সম্ভাব্যতা, ব্যয় এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি নিয়েও প্রাথমিক পর্যায়ের কাজ এগিয়ে চলছে।