শিরোনাম
প্রকাশ: ১২:৫৭, ২৩ আগস্ট ২০২৬
কুষ্টিয়ার শহরের ভেতর দিয়ে চলাচলকারী বর্তমান রেললাইনকে ‘গলার কাটা’ হিসেবে উল্লেখ করে যানজট নিরসনে পুরোনো রেললাইন সরিয়ে নতুনভাবে রেলপথ স্থাপনের প্রস্তাব দিয়েছেন কুষ্টিয়ার সংসদ সদস্য (৩) আমির হামজা।
একটি জাতীয় দৈনিক পত্রিকাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আমির হামজা বলেন, কুষ্টিয়ার বর্তমান রেললাইনের কারণে শহরে সারাদিন যানজট লেগে থাকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ফ্লাইওভার নির্মাণ অথবা আগের রেললাইন পুনর্বহালের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
তিনি বলেন, “কুষ্টিয়ার যে রেললাইনটা আছে, সেটা আমাদের জন্য গলার কাটা। এটার কারণে সারাদিন যানজট লেগে থাকে। আমরা চাচ্ছিলাম ফ্লাইওভার করতে, অথবা আগের যে রেললাইন ছিল, সেই পুরোনো রেললাইন নতুন রেললাইন দিয়ে প্রতিস্থাপন করা যায় কি না।”
আমির হামজার মতে, শহরের বর্তমান রেলপথের পরিবর্তে বিকল্প রেললাইন স্থাপন করা গেলে কুষ্টিয়ার পাশাপাশি আশপাশের তিন-চার জেলার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। বিশেষ করে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে মানুষের যাতায়াতের ক্ষেত্রে এর সুফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন, জগতি, কোট স্টেশন, বড় স্টেশন ও চড়াইকল —এই চারটি স্টেশন পুরোপুরি সরিয়ে দিয়ে সেখানে সরকারি জায়গাগুলোতে অন্য স্থাপনা করা গেলে কুষ্টিয়া শহরের যানজট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে মানুষের চলাচলও সহজ হবে।
তবে এ ধরনের বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও বিপুল বাজেটের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আমির হামজা বলেন, “এটা সময় ও অনেক বাজেটের ব্যাপার। তবে দেখা যাক কী হয়। আমি আশাবাদী, এটা হবে।”
রেললাইন ও যানজট নিরসনের বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং মন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন।
আমির হামজা আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদী।
কুষ্টিয়া শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে রেলপথের বর্তমান অবস্থান পরিবর্তন কিংবা বিকল্প ব্যবস্থা কতটা কার্যকর হবে, এখন সেটিই দেখার বিষয়। বাস্তবায়ন হলে কুষ্টিয়াসহ আশপাশের জেলার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।