ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সাড়ে আট বছর পর ফের সচল হচ্ছে নন্দনগাছী রেলস্টেশন

স্বপন কুমার সিং, বিশেষ প্রতিনিধি, রেল নিউজ

প্রকাশ: ১৩:৪৮, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৪৯, ২৩ আগস্ট ২০২৬

সাড়ে আট বছর পর ফের সচল হচ্ছে নন্দনগাছী রেলস্টেশন

সংগৃহীত ছবি

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন দীর্ঘ সাড়ে আট বছর পর আবারও পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরছে। ২০১৮ সালের ৪ জানুয়ারি নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এবার স্টেশনটি চালুর প্রক্রিয়া এগিয়ে গেছে। 

ইতোমধ্যে একজন স্টেশনমাস্টারকে পদায়ন করা হয়েছে এবং দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। স্টেশনের আউটলাইনের কাজও শেষ পর্যায়ে রয়েছে। 

রেলওয়ে সূত্র জানিয়েছে, স্টেশনটি চালু হলে আগের নির্ধারিত ট্রেনগুলোর পাশাপাশি রাজশাহী-ঈশ্বরদী রুটের ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও যাত্রাবিরতি দেবে। এতে চারঘাটের পাশাপাশি বাঘা ও পুঠিয়া উপজেলার যাত্রীদের রেলপথে যাতায়াত আরও সহজ হবে। ১৯২৯ সালে নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় স্থাপিত নন্দনগাছী স্টেশনটি একসময় স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ প্রয়োজনীয় জনবল দিয়ে পরিচালিত হতো। কার্যক্রম বন্ধ হওয়ার পরও কয়েকটি লোকাল ট্রেন এখানে থামলেও টিকিট বিক্রিসহ নিয়মিত যাত্রীসেবা বন্ধ ছিল। 

দীর্ঘদিনের দাবির পর স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রেলওয়ের কাছে ডিও লেটার দিয়েছিলেন। রেলওয়ে সূত্র অনুযায়ী, মহানন্দা এক্সপ্রেস, রাজশাহী মেল, লোকাল সিক্স ডাউন এবং ফিফটিন আপ-ডাউনসহ কয়েকটি ট্রেনের পাশাপাশি এবার ঈশ্বরদী কমিউটারও নন্দনগাছীতে থামবে। 

এতে রাজশাহী, ঈশ্বরদী ও পাবনাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীদের যোগাযোগ সুবিধা বাড়বে। একই সঙ্গে স্টেশনটি শুধু যাত্রী ওঠানামার জন্য নয়, প্রয়োজন অনুযায়ী ট্রেন ক্রসিংয়ের কাজেও ব্যবহার করা যাবে।

 পশ্চিমাঞ্চল রেলওয়ের পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ বলেন, স্টেশনের কাজ চলমান রয়েছে এবং দ্রুত শেষ করার চেষ্টা চলছে। সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল জানান, স্টেশনমাস্টার পদায়নের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত ট্রেনগুলোর যাত্রাবিরতির ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘদিন পর নন্দনগাছী স্টেশন সচল হলে চারঘাট, বাঘা ও পুঠিয়া অঞ্চলের রেল যোগাযোগে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন