ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

পাবনা-ঢাকা ট্রেন চালু ঘিরে স্টেশনে সংস্কারকাজ, চলছে শেষ প্রস্তুতি

প্রকাশ: ১০:১৪, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৫, ২৩ আগস্ট ২০২৬

পাবনা-ঢাকা ট্রেন চালু ঘিরে স্টেশনে সংস্কারকাজ, চলছে শেষ প্রস্তুতি

দীর্ঘদিন ধরে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন পাবনার মানুষ। এবার সেই প্রত্যাশা পূরণের অপেক্ষা মাত্র। সরাসরি ট্রেন চলাচলকে সামনে রেখে পাবনাসহ বিভিন্ন স্টেশনে চলছে ব্যাপক প্রস্তুতি। কোথাও সংস্কার, কোথাও সৌন্দর্যবর্ধন, আবার কোথাও যাত্রীসেবার বিভিন্ন সুবিধা নিশ্চিত করার কাজ চলছে। নতুন এই যাত্রাকে ঘিরে বদলে যাচ্ছে স্টেশন এলাকার চিত্রও।

পাবনার ঈশ্বরদী ও চাটমোহরের সুবাদে জেলার মানুষ রেলসেবা পেলেও পাবনা শহরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন রেলসেবা থেকে বঞ্চিত ছিল। ২০১৯ সালে পাবনা-রাজশাহী গন্তব্যে ট্রেন চলাচল শুরু হলেও রাজধানী ঢাকার সঙ্গে ছিল না সরাসরি কোনো রেল যোগাযোগ। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি আগস্ট মাসেই পাবনা থেকে সরাসরি ট্রেন ঢাকার উদ্দেশে ছুটবে—এমন খবরে উচ্ছ্বসিত জেলার মানুষ।

পাবনার ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের। বর্তমানে সড়কপথে ঢাকা যাতায়াতে সময় ও ভোগান্তি অনেক বেশি। সরাসরি ট্রেন চালু হলে যাতায়াত সহজ, আরামদায়ক ও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান বলেন, আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল একটা ট্রেন পাবনা থেকে সরাসরি ঢাকা যাবে। এই স্বপ্নটা বাস্তবায়নের পথে এখন আমাদের যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হবে না।

স্টেশন পার্শ্ববর্তী মসজিদের মুয়াজ্জিন আজাহার আলী বলেন, ৮০০ থেকে ১০০০ টাকা দিয়ে বাসে গেলেও ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই মাসে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা, যদি হয় তাহলে পাবনার সকল শ্রেণী পেশার মানুষের জন্য সুবিধা হবে।

ট্রেন চলাচলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে। স্টেশন ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার পাশাপাশি ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে সংশ্লিষ্ট অবকাঠামো। নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি শেষ করে ট্রেন চলাচল শুরু করার লক্ষ্য রয়েছে সংশ্লিষ্টদের।

এ ব্যাপারে পাবনা স্টেশন ইনচার্জ মিরাজুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি খুবই ভালো। রং করা থেকে শুরু করে অবকাঠামগত সকল ধরনের কাজ ইতিমধ্যে শেষ। বাকি যা আছে সেগুলো ২৯ তারিখের আগেই শেষ হবে।

পাকশী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রফিকুল হক বলেন, ঢাকা-পাবনা রেল যোগাযোগ উদ্বোধন উপলক্ষে আমাদের প্রস্তুতিমূলক কাজ দ্রুতই সমাপ্তের পথে। সম্ভাব্য ২৯ তারিখের আগেই আমরা কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছি আশা করছি শেষ করতে পারবো।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন