ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

১৯ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৩৭, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৭, ৫ নভেম্বর ২০২৬

১৯ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন

অবশেষে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। আগামী ১৯ নভেম্বর থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চলাচল শুরু করবে। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

ট্রেন দুটি উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনের মধ্য দিয়েই ঢাকা-পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু হবে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে নতুন এ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হলে পাবনা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমবে। পাশাপাশি রাজধানীর সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন