ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

ঠিকাদারের উপহার বিতর্কে রেল প্রকল্পের অনিয়ম তুলে ধরলেন মাহবুব কবির মিলন।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:৫৩, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৩, ১১ নভেম্বর ২০২৬

ঠিকাদারের উপহার বিতর্কে রেল প্রকল্পের অনিয়ম তুলে ধরলেন মাহবুব কবির মিলন।

ঠিকাদার নিজের লাভের অংশ থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে তা ঘুষের পর্যায়ে পড়ে না—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আলোচনা শুরু হয়েছে। এবার এ মন্তব্যকে কেন্দ্র করে রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অনিয়ম, নিম্নমানের কাজ ও বিপুল অর্থ ব্যয়ের বিষয় তুলে ধরে কটাক্ষ করেছেন সাবেক অতিরিক্ত রেল সচিব মাহবুব কবির মিলন।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে লেখেন, ‘১০০% সঠিক স্যার।’ এরপর রেলওয়ের বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে ধরে ঠিকাদারদের তথাকথিত ভালোবাসা ও প্রকৌশলীদের লাভবান হওয়ার বিষয়টি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন তিনি।

পোস্টে মাহবুব কবির মিলন উল্লেখ করেন, রেলওয়ের ঠিকাদাররা নিজেদের লভ্যাংশের প্রায় সবটুকুই বিলিয়ে দেন। যার ফল হিসেবে ১২০ কিলোমিটার গতির উপযোগী রেললাইন নির্মাণের পরও নতুন ট্রেন ৫৫ কিলোমিটারের বেশি গতি তুলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, ১২০ কিলোমিটার গতির উপযোগী ২০ বছর মেয়াদি নতুন ইঞ্জিন কেনার পর মাত্র দুই বছরেই সেগুলো নষ্ট হয়ে যায়। পরে সেগুলো মেরামতের জন্য আবার শত শত কোটি টাকার প্রকল্প নিতে হয়। একইভাবে ১২০ কিলোমিটার গতির উপযোগী কোচ কেনার পর ওই লাইনে ৭০ কিলোমিটার গতিতে চললেই কোচের চাকা নিয়ে সমস্যা দেখা দেয় এবং চাকায় আগুন ধরে যায় বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

রেলওয়ের অতীতের আরও কয়েকটি প্রকল্পের প্রসঙ্গ টেনে মাহবুব কবির মিলন লেখেন, প্রায় ৬৫০ কোটি টাকা ব্যয়ে কেনা ডেমু ট্রেন দুই বছরের মধ্যেই অকেজো হয়ে পড়ে। অন্যদিকে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে কেনা লাগেজ ভ্যানগুলো এখন রেল ইয়ার্ডে পড়ে রয়েছে। লাগেজ পরিবহনের ব্যবস্থা না থাকায় সেগুলোর কার্যকর ব্যবহার হচ্ছে না বলেও কটাক্ষ করেন তিনি।

পোস্টের শেষাংশে ঠিকাদারদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘এসব ঠিকাদারদের ভালোবাসার ফল স্যার। ঠিকাদাররা খুব দুষ্টু। নিজে লাভ না রেখে সব বিলিয়ে দেয় ওরা।’

সবশেষে ‘ভালোবাসা মোরে করেছে ভিখারি, ইঞ্জিনিয়ারদের করেছে রাজা’—এমন মন্তব্যের মাধ্যমে প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যকার সম্পর্ক নিয়ে তীব্র বিদ্রূপ করেন সাবেক এই রেল কর্মকর্তা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঠিকাদার নিজের মুনাফা থেকে সন্তুষ্ট হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। তবে কাজের গুণগত মান কমিয়ে ঠিকাদার ও প্রকৌশলীর মধ্যে অর্থ ভাগাভাগির কোনো সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহবুব কবির মিলনের পোস্টটি রেলওয়ের প্রকল্প বাস্তবায়ন, কেনাকাটা, রক্ষণাবেক্ষণ এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহারের বিষয়গুলো নতুন করে আলোচনায় এনেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন