শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৫৭, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৭, ২৩ অক্টোবর ২০২৬
সততা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অনবোর্ড সার্ভিসের কর্মীরা। ট্রেনে এক যাত্রীর হারিয়ে যাওয়া মানিব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন তাঁরা। মানিব্যাগটিতে নগদ ৭ হাজার টাকা, ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ সামগ্রী ছিল।
জানা যায়, সুবর্ণ এক্সপ্রেসের ‘চ’ বগির ৪৪ নম্বর আসনের এক যাত্রী অসাবধানতাবশত ট্রেনের বাথরুমে নিজের মানিব্যাগ ফেলে চলে যান। পরে ট্রেনের স্টুয়ার্ড তৌহিদ মানিব্যাগটি খুঁজে পান। সেটি নিজের কাছে রেখে না দিয়ে তাৎক্ষণিকভাবে ট্রেন ম্যানেজার আব্দুল্লাহ আল মাহিদকে বিষয়টি জানান এবং উদ্ধার করা মানিব্যাগটি তাঁর কাছে হস্তান্তর করেন।
পরবর্তী সময়ে স্টুয়ার্ড তৌহিদ, ট্রেন ম্যানেজার আব্দুল্লাহ আল মাহিদ, ট্রেন পরিচালক মহিউদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মীরা মানিব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে উদ্যোগ নেন। এ জন্য ট্রেনের পাবলিক অ্যাড্রেস (পিএ) সিস্টেমে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার মাধ্যমে মানিব্যাগের মালিককে শনাক্ত করা সম্ভব হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় তাঁর হাতে মানিব্যাগটি ফিরিয়ে দেওয়া হয়।
হারানো মানিব্যাগ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই যাত্রী। একই সঙ্গে তিনি বাংলাদেশ রেলওয়ের অনবোর্ড সার্ভিসের কর্মীদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
ট্রেনে যাত্রীদের ফেলে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এমন উদ্যোগ রেলওয়ের যাত্রীসেবায় ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দায়িত্ব পালনের পাশাপাশি কর্মীদের এমন মানবিক আচরণ যাত্রীদের আস্থা বাড়াতে সহায়ক হতে পারে।
সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে যাত্রীসেবার মান উন্নয়নে সুবর্ণ এক্সপ্রেসের অনবোর্ড সার্ভিস কর্মীদের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।