শিরোনাম
সেলিমুর রহমান
প্রকাশ: ১২:০৮, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৮, ১৫ জুলাই ২০২৬
রেলওয়ের স্টেশন, প্ল্যাটফর্ম, রোলিং স্টক ও অন্যান্য অবকাঠামোয় আগামী ১০ বছরের জন্য এককভাবে বিজ্ঞাপন পরিচালনার আবেদনকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, "আমাদের কাছে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অসংখ্য আবেদন আসে। এসব আবেদন আইন ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তির জন্য সচিবের কাছে পাঠানো হয়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।"
তিনি আরও বলেন, জি কে শামীম কিংবা তার মনোনীত কোনো ব্যক্তির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। সরল বিশ্বাসে আবেদনটি সংশ্লিষ্ট দপ্তরে "প্রয়োজনীয় সহযোগিতা করুন"মন্তব্যসহ পাঠানো হয়েছে, যাতে বিষয়টি আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা যায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, জি কে শামীম তার প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেড-এর পক্ষে গত ১১ জুন রেলমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনে বাংলাদেশ রেলওয়ের সমগ্র নেটওয়ার্কজুড়ে সব স্টেশন, প্ল্যাটফর্ম, রোলিং স্টক ও সংশ্লিষ্ট অবকাঠামোয় আগামী ১০ বছরের জন্য এককভাবে বিজ্ঞাপন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনার অধিকার চাওয়া হয়।
আবেদনটি ১৫ জুন মন্ত্রীর দপ্তর থেকে সচিবের কাছে পাঠানো হলে সচিব বিষয়টি আইন ও ভূমি শাখায় প্রয়োজনীয় মতামতের জন্য প্রেরণ করেন।
রেলপথ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের আবেদন প্রচলিত নীতিমালা ও আইনের আলোকে যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের মতে, রেলওয়ের বিজ্ঞাপন কার্যক্রম সাধারণত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সম্পন্ন করার বিধান রয়েছে। ফলে যেকোনো আবেদনই আইন, বিধি-বিধান ও সরকারি নীতিমালার আলোকে নিষ্পত্তি করা হবে।
রেলমন্ত্রীও পুনরায় জোর দিয়ে বলেন, কোনো আবেদন ব্যক্তিগত বিবেচনায় নয়, বরং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ীই নিষ্পত্তি করা হবে।