শিরোনাম
ইমন খান, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, শুধু মেধাবী হওয়া কিংবা ভালো ফলাফল করাই জীবনের চূড়ান্ত সফলতা নয়। সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, লেখাপড়ার পাশাপাশি শারীরিকভাবে সক্ষম হয়ে উঠতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানো সম্ভব। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি প্রত্যেককে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। জীবনে সফল হতে হলে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এরপর সেই লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হলেও কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না।
হাবিবুর রশিদ হাবিব বলেন, চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। আজকের শিক্ষার্থীদের সাফল্য আগামী দিনের অন্য শিক্ষার্থীদের জন্য প্রেরণা ও পথ দেখাবে।
তিনি আরও বলেন, সড়ক, সেতু, স্কুল-কলেজের ভবন নির্মাণ রাষ্ট্রের দৃশ্যমান অগ্রগতির নিদর্শন হতে পারে। তবে একটি দেশের প্রকৃত শক্তি হলো শিক্ষিত ও মানবিক জনশক্তি। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা মানুষের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের মূল উপাদান হিসেবে উল্লেখ করেছেন। এই আদর্শকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও যুগোপযোগী মানবসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ের কিছু জায়গার বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে একটি ভিডিও দিয়েছেন, যাতে প্রয়োজনীয় সহযোগিতা করা যায়। বিদ্যালয়ের অন্যান্য সমস্যাগুলো নিয়েও ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আর্থিকভাবে কিছু সহযোগিতার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, কোনোভাবেই আগামী প্রজন্মকে মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীসহ সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মাদক একটি মরণ।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারকেও এক ধরনের নেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি একটি কার্যকর ও প্রয়োজনীয় সেবক। তবে এর অপব্যবহার বিপজ্জনক হয়ে উঠতে পারে। প্রযুক্তিকে দক্ষতা ও কল্যাণের জন্য ব্যবহার না করলে তা ব্যক্তি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। তাই প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সবশেষে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে ঢাকা-৯ আসনকেও সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।