শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:০৪, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৪, ১৭ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিস চালু হওয়ায় এ অঞ্চলের যাত্রীসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নতুন এই সার্ভিসের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।
কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এম আর মঞ্জু বলেন, লোকাল ট্রেনের পরিবর্তে চালু হওয়া নতুন কমিউটার সার্ভিসে প্রতিটি কোচে পর্যাপ্ত লাইট, ফ্যান ও পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। ট্রেনের রেক প্রস্তুত করতে পাহাড়তলী রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা গত এক মাস ধরে নিরলসভাবে কাজ করেছেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই নতুন এই সার্ভিস চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ কারখানার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর রেলওয়ের সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় চট্টগ্রাম–নাজিরহাট রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নতুন এই ট্রেন সার্ভিসের ফলে শুধু সাধারণ যাত্রীই নন, বিশেষভাবে উপকৃত হবেন প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র খামারি ও কৃষকেরা। তাঁরা স্বল্প খরচে নিজেদের উৎপাদিত কৃষিপণ্য শহরের বাজারে সরাসরি পরিবহন ও বাজারজাত করার সুযোগ পাবেন। এতে কৃষকদের পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্যের বাজারজাতকরণ সহজ হবে। একই সঙ্গে রেলওয়ের যাত্রীসংখ্যা ও রাজস্ব আয় বৃদ্ধিতেও নতুন এই সার্ভিস ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এম আর মঞ্জু বলেন, যাত্রীবান্ধব ও আধুনিক সেবা নিশ্চিত করতে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নতুন এই কমিউটার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম–নাজিরহাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।