ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আন্দোলনে আদায় করা অধিকার উপেক্ষিত, এক বছরেও ট্রেন উদ্ধার কাজে নিয়োজিত প্রকৌশল কর্মীদের নাস্তার বিল প্রণয়নে অবহেলা!

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:০৪, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৪, ১৭ নভেম্বর ২০২৬

আন্দোলনে আদায় করা অধিকার উপেক্ষিত, এক বছরেও ট্রেন উদ্ধার কাজে নিয়োজিত প্রকৌশল কর্মীদের নাস্তার বিল প্রণয়নে অবহেলা!

রেল দুর্ঘটনায় উদ্ধার ও মেরামত কাজে নিয়োজিত বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীরা প্রায় ১২ মাস ধরে খাবার বা নাস্তা ক্রয়ের বিল না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। প্রয়োজনীয় অর্থ ব্যয়ের অনুমোদন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মচারীদের বিল পরিশোধ না হওয়াকে কর্মকর্তাদের অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে দেখছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন।

সংগঠন সূত্রে জানা যায়, রেলওয়ের যান্ত্রিক বিভাগের রিলিফ ট্রেন ও টুলভ্যানের কর্মচারীদের মতো দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও মেরামত কাজে নিয়োজিত প্রকৌশল বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীদের খাবার ক্রয়ের জন্য ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রিভলবিং ইমপ্রেস্ট অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিনের দাবি ও আন্দোলন-সংগ্রামের পর সংগঠনের প্রচেষ্টায় এ অনুমোদন পাওয়া গেলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীরা নাস্তা বা খাবার ক্রয়ের বিল পাননি।

অথচ অনুমোদনের পর থেকে গত প্রায় ১২ মাসে বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক ট্রেন দুর্ঘটনায় প্রকৌশল বিভাগের মাঠপর্যায়ের কর্মচারীরা উদ্ধার ও মেরামত কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনাকবলিত রেললাইন সচল করা এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রতিকূল পরিবেশে নিরলসভাবে কাজ করলেও তাঁদের খাবার বাবদ প্রাপ্য বিল পরিশোধ না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে কর্মচারীদের এই ন্যায্য দাবিটি আদায় করা হলেও কর্মকর্তাদের অবহেলায় তাঁরা এখনো প্রাপ্য বিল পাচ্ছেন না। দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়া মাঠপর্যায়ের কর্মচারীদের খাবারের বিল না পাওয়া অত্যন্ত অমানবিক ও দুঃখজনক।

তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীদের প্রতি জোর দাবি জানানো হচ্ছে, গত প্রায় ১২ মাসে যেসব স্থানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেসব দুর্ঘটনায় উদ্ধার ও মেরামত কাজে নিয়োজিত প্রকৌশল বিভাগের কর্মচারীদের নাস্তা বা খাবার ক্রয়ের বিল দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের নেতারা মনে করছেন, দুর্ঘটনার সময় দিন-রাত পরিশ্রম করে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখা কর্মচারীদের ন্যায্য পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অনুমোদিত সুবিধা বাস্তবায়নে আর বিলম্ব না করে দ্রুত বিল পরিশোধের দাবি জানিয়েছেন তাঁরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন