ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই আল-হামিম, আন-নিসা ও তাওহিদুল উম্মাহর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান শাহ আলম

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:২৩, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৩, ১৪ নভেম্বর ২০২৬

জাতি গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নেই আল-হামিম, আন-নিসা ও তাওহিদুল উম্মাহর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান শাহ আলম

জাতি গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এস এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, আগামী প্রজন্মকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে না পারলে বিশ্ব দরবারে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। আল-হামিম ইনস্টিটিউট, আন-নিসা একাডেমি ও তাওহিদুল উম্মাহ মাদরাসা নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় আল-হামিম ইনস্টিটিউট মিলনায়তনে এস এ ফ্যামিলি এডুকেশন ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় এস এ ফ্যামিলির ডিরেক্টর ইয়াসমিন আলম, আল-হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং তাওহিদুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের সঙ্গে প্রতিষ্ঠানের চলমান শিক্ষা কার্যক্রম, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা, বিদ্যমান বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে গড়ে তোলা। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পাশাপাশি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আগামী প্রজন্মকে আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক ও মানসম্মত শিক্ষার প্রসার, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সভায় উপস্থিত বক্তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন