শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:১৬, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ১৪ নভেম্বর ২০২৬
সুন্দর বাংলাদেশ গড়তে ভালোকে ধারণ এবং সমাজের সব ধরনের মন্দকে সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, আমরা যেন ভালো কাজের সঙ্গে থাকি, যা কিছু ভালো তা ধারণ করি এবং যা কিছু খারাপ, সবাই মিলে তা প্রতিহত করি। এভাবেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও বার্ষিক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।
হাবিবুর রশিদ হাবিব বলেন, মরহুম আলী আহমদ প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে ক্ষুদ্র প্রচেষ্টা থেকেও বড় কিছু করা সম্ভব। নিজের পরিবারের সন্তানদের শিক্ষিত করার পাশাপাশি এলাকার হাজারো সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে তিনি একটি সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর এই অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো।
তিনি বলেন, আলী আহমদ সাহেবের মতো কিছু মানুষ শুধু নিজেদের বা পরিবারের জন্য কাজ করেন না। তাঁরা দেশের মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করেন। একটি এলাকার শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার যে দূরদর্শিতা তিনি দেখিয়েছেন, তা অনুকরণীয়।
প্রতিমন্ত্রী আলী আহমদের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে বলেন, তাঁরা চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেওয়া জমি অন্য কাজে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারতেন। কিন্তু বাবার আদর্শ ও স্বপ্নকে ধারণ করে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জমি দিয়েছেন। নিজেদের সময় ও শ্রমও দিয়েছেন স্কুলের উন্নয়নে। তাঁদের এই ত্যাগের ফল আজ শিক্ষার্থী ও এলাকাবাসী পাচ্ছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মরহুম আলী আহমদকে শ্রদ্ধা করতে হলে তাঁর অবদান মনে রাখতে হবে। প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় অন্তত একবার সিজদায় গিয়ে তাঁর জন্য দোয়া করতে হবে, যাতে আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাত নসিব করেন।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজকে আরও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে প্রতিষ্ঠাতার পরিবারের। বিশেষ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো উন্নত শিক্ষার পরিবেশ ও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা তাঁদের। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাঁদের পরামর্শ নেবেন এবং সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে কাজ করবেন।
এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তোলার পেছনে যেসব সাবেক শিক্ষক-শিক্ষিকার অবদান রয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। পাশাপাশি মরহুম আলী আহমদ ও তাঁর সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।