ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

পাবনার নতুন ট্রেনের যাত্রাবিরতি থেকে এক স্টেশন বাদ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:১০, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১০, ৬ নভেম্বর ২০২৬

পাবনার নতুন ট্রেনের যাত্রাবিরতি থেকে এক স্টেশন বাদ

পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির তালিকা থেকে এক স্টেশনকে বাদ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রথমে ৯ স্টেশনে যাত্রাবিরতির কথা বলা হলেও ৮ স্টেশনে যাত্রাবিরতি করবে ট্রেনটি। বাদ পড়েছে দাশুড়িয়া স্টেশন।

ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ নভেম্বর থেকে পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন। এ রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে।

অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯ টা ২০ মিনিটে।

আগামী ১৯ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে এই ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর রেল যোগাযোগ সংযোজন হতে যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন