শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:৫৮, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৮, ৫ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসীসহ বাংলাদেশ রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও কর্মজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।
দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এম আর মঞ্জু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে ঐক্য, সংহতি, সাহস ও দেশপ্রেমের এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা ও নেতৃত্বের প্রেরণায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি বাংলাদেশ রেলওয়ে। দেশের অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেলওয়ের সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, সেবার মান বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এম আর মঞ্জু আরও বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, মর্যাদা, পদোন্নতি, পদায়ন ও কর্মপরিবেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শ্রমিক-কর্মচারীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য দাবি আদায়ের সংগ্রামকে আরও সুসংগঠিত করার মধ্য দিয়েই একটি গতিশীল, জনবান্ধব ও আধুনিক রেলওয়ে গড়ে তোলা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে ধারণ করে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসমাজ সম্মিলিতভাবে রেলওয়ের উন্নয়ন এবং দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
শুভেচ্ছা বার্তায় এম আর মঞ্জু ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বার্তার শেষে তিনি দেশবাসী ও রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শুভেচ্ছা জানিয়ে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান উচ্চারণ করেন।