ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

আরএনবির সততায় ফিরে পেলেন হারানো ব্যাগ

প্রকাশ: ১০:৪৭, ৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৪৭, ৩ জানুয়ারি ২০২৬

আরএনবির সততায় ফিরে পেলেন হারানো ব্যাগ

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রাম রেলস্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সততা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সামনে এসেছে। গতকাল ২ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার ডাউন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর পর এক যাত্রী অসাবধানতাবশত নতুন স্টেশনের যাত্রীদের বসার জায়গায় একটি ব্যাগ ফেলে রেখে নিজ বাসায় চলে যান।

পরবর্তীতে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি নজরে আসে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাৎক্ষণিকভাবে ব্যাগটি নিরাপদ হেফাজতে নেন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শুরু করেন।ব্যাগটি তল্লাশি করে ভেতরে পাওয়া যায় একটি গুগল পিক্সেল ৭ মোবাইল ফোন, একটি সাইট ব্যাগ, একটি মোবাইল অ্যাডাপ্টার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল এবং একটি নেকলেস। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। মূল্যবান সামগ্রী থাকায় ব্যাগটি নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা বাহিনী।

ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকি সিআই আরএনবি জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান সাহেবের দিকনির্দেশনায় ব্যাগটি সংরক্ষণ করা হয় এবং প্রকৃত মালিক শনাক্তের কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ব্যাগের মালিক প্রয়োজনীয় কাগজপত্র ও যথাযথ প্রমাণ উপস্থাপন করলে সবকিছু যাচাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।এই পুরো উদ্ধার ও হস্তান্তর কার্যক্রমে দায়িত্ব পালন করেন সিপাহি শামসুল আলম, সিপাহি কামাল মল্লিক ও সিপাহি তারেক। তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার কারণে একজন যাত্রী তার হারানো মূল্যবান মালামাল ফিরে পেতে সক্ষম হন।

ব্যাগটি ফেরত পেয়ে সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই সম্মানিত যাত্রী। একই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ ধরনের দায়িত্বশীল ভূমিকা যাত্রীদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন