ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

এক ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:৩৮, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৮, ১৩ নভেম্বর ২০২৬

এক ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুরের পূবাইলে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।

পূবাইল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু মুসা বলেন, ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

রেলসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটি স্টেশন ছেড়ে সামনে এগোনোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন দেখতে পান যাত্রীরা। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী, ট্রেনের কর্মী ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ট্রেন থামানো ও আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ইঞ্জিনের ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন