শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪৪, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৫, ১৪ নভেম্বর ২০২৬
ভাইরাল ভিডিওতে দেখা যায়, রেললাইন ধরে এগিয়ে আসছে একটি ট্রেন। ঠিক সেই সময় লাইনের পাশে থাকা এক তরুণকে ট্রেনের সামনে এগিয়ে যেতে দেখা যায়। মুহূর্তেই ছুটে আসেন আরেক তরুণ। তাকে ধরে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথম তরুণ বারবার ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকেন। তাকে থামাতে গিয়ে দ্বিতীয় তরুণও পড়েন চরম ঝুঁকিতে।
একপর্যায়ে দুজনকে ট্রেনের পাশেই লাইনের ওপর পড়ে যেতে দেখা যায়। তবুও প্রথম তরুণকে ছাড়েননি তার উদ্ধারকারী বন্ধু। আবারও তাকে ট্রেনের সামনে যাওয়া থেকে আটকে দেন। এরপর ট্রেনটি তাদের পাশ দিয়ে চলে যায়। তবে ভিডিওটি এখানেই শেষ হওয়ায় পরবর্তী সময়ে দুজনের কী অবস্থা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
আনন্দবাজারসহ কয়েকটি সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, ঘটনাটি ভারতের মুম্বাইয়ের বিক্রোলি রেলস্টেশনের কাছাকাছি। ‘সিরাজনুরানি’ নামের একটি এক্স একাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচাতে ছুটে যাওয়া তরুণের সাহসিকতার প্রশংসা করছেন নেটিজেনরা।
একটি মুহূর্তের সাহস কখনো কখনো বদলে দিতে পারে অন্য একজনের জীবনের পরিণতি। বিপদের মুখে নিজের কথা না ভেবে অন্যের পাশে দাঁড়ানোর এই দৃশ্যই আবারও মনে করিয়ে দিল, মানবিকতা এখনো বেঁচে আছে মানুষের মধ্যে।