ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬

২ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জ–ঢাকা ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি, দ্রুত সিদ্ধান্ত চান যাত্রীরা

প্রকাশ: ১৮:২১, ১৭ আগস্ট ২০২৬

গোপালগঞ্জ–ঢাকা ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি, দ্রুত সিদ্ধান্ত চান যাত্রীরা

গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গোপালগঞ্জ–ঢাকা রুটের ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবি জোরালো হয়ে উঠেছে। চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাত্রীদের সুবিধা বিবেচনায় নিয়ে বর্তমান সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, বর্তমানে নির্ধারিত সময়সূচি অধিকাংশ মানুষের দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে সকালে ঢাকায় অফিস, আদালত, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এবং একই দিনে কাজ শেষে গোপালগঞ্জে ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

যাত্রীদের প্রস্তাব, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এবং ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ফিরতি ট্রেন রাত ৮টা থেকে ৯টার মধ্যে চালু করা হোক। এতে যাত্রীরা সকালে ঢাকায় পৌঁছে প্রয়োজনীয় কাজ শেষ করে রাতেই গোপালগঞ্জে ফিরতে পারবেন। ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং রাজধানীর সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ আরও কার্যকর হবে।

এদিকে গোপালগঞ্জের ব্যবসায়ীরাও ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন পরিবর্তনের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, গোপালগঞ্জে সাপ্তাহিক ছুটির দিন শনিবার হলেও ট্রেনের সাপ্তাহিক বন্ধ বর্তমানে শুক্রবার। ফলে ঢাকায় গিয়ে মার্কেট করে ব্যবসায়িক পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তাই শুক্রবারের পরিবর্তে শনিবার ট্রেনের সাপ্তাহিক বন্ধ নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

নিয়মিত যাত্রীরা বলেন, সময়োপযোগী ট্রেন সার্ভিস এখন গোপালগঞ্জবাসীর অন্যতম প্রধান দাবি। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে দ্রুত সময়সূচি পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মুন্সী আব্দুল্লাহ আল মামুন (নান্টু) বলেন, যাত্রীদের চাহিদা ও বাস্তব প্রয়োজনের ভিত্তিতে ট্রেনের সময়সূচি আধুনিকায়ন করা হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি গোপালগঞ্জের সঙ্গে রাজধানীর অর্থনৈতিক যোগাযোগও আরও গতিশীল হবে।

গোপালগঞ্জবাসীর প্রত্যাশা, যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে দ্রুত গোপালগঞ্জ–ঢাকা রুটের সময়সূচি পুনর্বিবেচনা করবে। সময়োপযোগী ট্রেন, সহজ যাতায়াত এবং ভোগান্তিমুক্ত রেলসেবা—এটাই এখন গোপালগঞ্জবাসীর দাবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন