ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

৬ ভাদ্র ১৪৩৩

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রকাশ: ১৫:১৮, ২১ আগস্ট ২০২৬

গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে আন্তনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কামারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত দীপঙ্কর দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা এলাকার ভুট্ট রামের ছেলে।

কামারপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশনমাস্টার রফিক মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া রেলস্টেশনে আন্তনগর দোলনচাঁপা ট্রেনের ক্রসিং চলছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার চেষ্টা করলে করতোয়া ট্রেনের ধাক্কায় দীপঙ্কর রাম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ মাথায় গুরুতর আঘাত, একটি পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ওই তরুণের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি বলেন, মৃত দীপঙ্কর রাম দরিদ্র পরিবারের সন্তান। তিনি বলেন, পেটের দায়ে আয়-উপার্জনের জন্য নিজ বাড়ি থেকে দোলনচাঁপা ট্রেনে করে বালাসীঘাট হয়ে ঢাকায় যাচ্ছিলেন দীপঙ্কর। পথিমধ্যে কামারপাড়া রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন