ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত বন্ধুকে নিয়ে শেষবারের মতো ট্রেনে পঞ্চগড় ভ্রমণে ছয় বন্ধু

মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২:৫২, ২৭ নভেম্বর ২০২৬

ক্যান্সারে আক্রান্ত বন্ধুকে নিয়ে শেষবারের মতো ট্রেনে পঞ্চগড় ভ্রমণে ছয় বন্ধু

 

বন্ধুত্বের অর্থ যে কতটা গভীর হতে পারে, তার এক হৃদয়স্পর্শী ঘটনা উঠে এসেছে এক ট্রেনযাত্রীর ফেসবুক পোস্টে। ক্যান্সারে আক্রান্ত বন্ধুর জীবনের শেষ সময়গুলোতে কিছু আনন্দময় স্মৃতি তৈরি করে দিতে তাঁকে সঙ্গে নিয়ে পঞ্চগড় ভ্রমণে বের হয়েছেন ছয় বন্ধু।

ওই যাত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গত ১৭ নভেম্বর ট্রেনে করে পঞ্চগড় যাওয়ার সময় একই কেবিনে ছয় বন্ধুর একটি দলের সঙ্গে ছিলেন তিনি। তাঁদের মধ্যে একজনকে চেয়ারে বসে থাকতে দেখে কৌতূহলবশত তাঁর অসুস্থতার বিষয়ে জানতে চান। জবাবে বাকি বন্ধুরা জানান, চেয়ারে বসে থাকা তাঁদের বন্ধুটি ক্যান্সারে আক্রান্ত। রোগটি শেষ পর্যায়ে। তাই বন্ধুর জীবনের শেষ সময়গুলোতে কিছু আনন্দময় মুহূর্ত উপহার দিতে তাঁরা সবাই মিলে তাঁকে নিয়ে ভ্রমণে বের হয়েছেন।

বন্ধুদের কাছ থেকে এমন কথা শোনার পর কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যান ওই যাত্রী। কী বলবেন, কী অনুভব করবেন, বুঝে উঠতে পারছিলেন না তিনি। তাঁর উপলব্ধি, হয়তো বাকি বন্ধুরা জানেন, এই ভ্রমণই হতে পারে অসুস্থ বন্ধুর সঙ্গে তাঁদের কাটানো শেষ আনন্দঘন মুহূর্তগুলোর একটি। হয়তো আর কখনো এভাবে একসঙ্গে ঘুরতে যাওয়া হবে না, হবে না আগের মতো হাসি-আড্ডা।

তবুও বন্ধুর মুখে হাসি ফোটাতে নিজেদের কষ্ট আড়াল করে তাঁর পাশে রয়েছেন তাঁরা। বন্ধুর কঠিন সময়ে তাঁকে একা ছেড়ে না দিয়ে বরং জীবনের বাকি সময়টুকুতে সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার চেষ্টা করছেন।

ওই যাত্রী তাঁর পোস্টে এমন বন্ধুত্বকে ভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, জীবনে বন্ধু অনেকেই হয়, কিন্তু এমন নিঃস্বার্থ ভালোবাসার বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।

বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে আনন্দ ভাগাভাগি করা নয়, বরং জীবনের কঠিন সময়েও বন্ধুর হাত না ছেড়ে পাশে থাকা। ছয় বন্ধুর এই উদ্যোগ যেন সেই বন্ধুত্বেরই এক আবেগঘন দৃষ্টান্ত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন