ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

নিরাপত্তাজনিত কারণে শুক্রবারও বাতিল জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৩৯, ২৬ নভেম্বর ২০২৬

নিরাপত্তাজনিত কারণে শুক্রবারও বাতিল জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস

গোপালগঞ্জে ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত ও তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) আরও দুটি আন্তঃনগর ট্রেনের চলাচল বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএম) কার্যালয় থেকে ২৪ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদনের ভিত্তিতে ট্রেন দুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া ট্রেন দুটি হলো—৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৮/৮২৭ নম্বর রূপসী  বাংলা এক্সপ্রেস। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেসের খুলনা–ঢাকা–খুলনা রুটের চলাচল এবং রূপসী  বাংলা এক্সপ্রেসের ঢাকা–বেনাপোল–ঢাকা রুটের চলাচল বাতিল করা হয়েছে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত ও তথ্য না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ট্রেন বাতিলের বিষয়টি যাত্রীদের যথাযথভাবে অবহিত করতে এসএমএসের মাধ্যমে তথ্য প্রচারসহ টিকিটের মূল্য ফেরত (রিফান্ড) দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রেলওয়ের বিধি অনুযায়ী রোলিং স্টক ও রেক ব্যবস্থাপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

হঠাৎ ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্তে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন