শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৫, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫৬, ২৬ নভেম্বর ২০২৬
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কার প্রেক্ষাপটে বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও রেল সম্পদের সুরক্ষায় কড়া নির্দেশনা দিয়েছেন রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম/পূর্ব) মামুনুল ইসলাম, পিইঞ্জ। আজ ২৬ নভেম্বর ২০২৬ তারিখে জারীকৃত জিএম/পূর্ব মহোদয়ের কন্ট্রোল অর্ডার নং-১৫৩২-এর আলোকে ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ২৫ দফা নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কন্ট্রোল অর্ডার নং-৬৭৭-এর মাধ্যমে ঢাকা বিভাগের সব বিভাগীয় কর্মকর্তা ও স্টেশন মাস্টারদের কাছে পাঠানো এই নির্দেশনায় প্রতিটি সেকশনে রেলওয়ে ট্র্যাকের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় রাতে ট্র্যাক পেট্রোলিং চালানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্ট এলাকায় বিশেষ পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং সন্দেহজনক বস্তু, কাটিং, ফিশপ্লেট অপসারণ বা ট্র্যাক বিকৃতি নজরে এলে দ্রুত কন্ট্রোল ও সংশ্লিষ্টদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জিএমের এই নির্দেশনায় লোকোশেড, ক্যারেজশপ, ডিজেলশপ, ওয়ার্কশপ এবং ফুয়েল স্টোরেজ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ ও বিশেষ নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রবেশ ও বহির্গমন পথ সীমিত করে প্রতিটি প্রবেশকারীর পরিচয় যাচাই, সিসিটিভি পর্যবেক্ষণ এবং গার্ড রেজিস্টার নিয়মিত পরীক্ষা করার পাশাপাশি জ্বালানিবাহী ট্রেন চলাচল ও জ্বালানি লোডিং-আনলোডিং কার্যক্রমেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্টেশন বা ইয়ার্ডে অবস্থানরত ক্যারেজ ও লোকোমোটিভের সুরক্ষায় পর্যাপ্ত আলো ও পাহারার ব্যবস্থা রাখার পাশাপাশি কোনো সন্দেহজনক ব্যক্তি বা প্যাকেজ চোখে পড়লে তাৎক্ষণিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ও জোনাল কন্ট্রোলে ইমারজেন্সি অফিসারদের দায়িত্ব পালন এবং বিভাগীয় কন্ট্রোলে কর্তব্যরত প্রকৌশল বিভাগের কর্মীদের গেটকিপারসহ অন্যান্য কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাতের বেলা অপ্রয়োজনীয় কর্মচারীদের ইয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ রাখার পাশাপাশি সিগন্যাল ও কেবিন রুমে অপরিচিতদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে। প্রতিদিন কেবিনের লক, টেলিফোন, ইন্সট্রুমেন্ট ও সিগন্যাল প্যানেল পরীক্ষা করা এবং স্টেশন এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসিটিভি সচল রাখার নির্দেশনাও রয়েছে।
নির্দেশনায় জিআরপি ও আরএনবিকে যৌথভাবে টহল রুটিন অনুযায়ী স্টেশন, ইয়ার্ড ও প্ল্যাটফর্ম পরিদর্শন করতে বলা হয়েছে। টিকিট কাউন্টার, লাগেজ রুম ও ওয়েটিং রুমে সন্দেহজনক ব্যাগ বা ব্যক্তি শনাক্তে সতর্ক থাকার পাশাপাশি কোনো নাশকতা, চুরি বা ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক কন্ট্রোল অফিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। সব ট্রেন, স্টেশন ও কেপিআই স্থাপনায় প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করা, বন্ধ স্টেশনের পয়েন্টগুলোর নিরাপত্তা রাখা, লোকোমোটিভ ও পাওয়ার কারে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে হকার, ভিক্ষুক ও ভবঘুরেদের প্রবেশ রোধ করা এবং এমটি রেক ওয়াশপিটে নেওয়া ও ছাড়ার সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ অধিক্ষেত্রে এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও মনিটরিং করার তাগিদ দেওয়া হয়েছে। নির্দেশনার অনুলিপি ঢাকা ও সিলেটের স্টেশন ম্যানেজার, ঢাকা, আখাউড়া, কুলাউড়া ও ময়মনসিংহের টিআইটি, আখাউড়া ও ময়মনসিংহের এসএস, ঢাকার সিএনএল, সিপিএনএল ও টিএক্সআর কন্ট্রোল, ঢাকা বিভাগের সব ওসিজিআরপি, ঢাকা ও সিলেটের জিআরপি/কন্ট্রোল এবং ঢাকা, ময়মনসিংহ, আখাউড়া ও সিলেটের
পিএসএমকে পাঠানো হয়েছে।