ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

শহীদ জিয়ার মাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন ও দোয়া

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:১০, ২৬ নভেম্বর ২০২৬

শহীদ জিয়ার মাজারে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন ও দোয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি এবং সদস্যসচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, কার্যকরী সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ এবং শ্রমিক-জনতার অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নেতৃবৃন্দ তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ ধারণ করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আদর্শে ঐক্যবদ্ধ থেকে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং গণতান্ত্রিক আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করাই হবে তাদের অন্যতম লক্ষ্য।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা এবং শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন