শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:১৭, ২৬ নভেম্বর ২০২৬
যাত্রীসাধারণের নিরাপত্তা, সার্বিক পরিস্থিতি ও রেলওয়ের সম্পদের সুরক্ষার কথা বিবেচনা করে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
একই সঙ্গে খুলনা–পোড়াদহ–রাজবাড়ী–ঢাকা রুটে যাত্রীসেবা অব্যাহত রাখতে আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার থেকে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে এক জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ২৬ নভেম্বর জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এদিকে, আজ শুক্রবার সকাল থেকে নতুন বিকল্প ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বিকল্প রুটে দূরত্ব বেড়ে যাওয়ায় যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আগের তুলনায় বিভিন্ন শ্রেণির টিকিটের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
টিকিটের আগের ও বর্তমান ভাড়া:
শোভন চেয়ার: আগে ৪৪৫ টাকা, বর্তমানে ৬২৫ টাকা।
স্নিগ্ধা চেয়ার: আগে ৮৫১ টাকা, বর্তমানে ১১৯৬ টাকা।
এসি (প্রথম শ্রেণি): বর্তমানে ১৪৩২ টাকা।
বিকল্প রুটে ট্রেন চালুর সিদ্ধান্তে যাত্রীসেবা অব্যাহত থাকলেও বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বিশেষ করে আগের তুলনায় টিকিটের মূল্য বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হবে খুলনা-ঢাকা রুটের যাত্রীদের।
এখন যাত্রীদের প্রশ্ন, ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা চালু হলেও বাড়তি ভাড়ার চাপ কতটা স্বস্তি দেবে সাধারণ যাত্রীদের?