শিরোনাম
প্রকাশ: ১৭:৩৪, ৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২০, ৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জের কাশিয়ানী জংশনকে কেন্দ্র করে আন্তঃনগর ট্রেনের গার্ড রুমে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগের পর তিন রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঢাকা-খুলনা-বেনাপোল রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেকে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা আদায় করে প্লাস্টিকের চেয়ার ও টেবিলে বসিয়ে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া তিন রেলকর্মী হলেন— খালাসি মোল্লা পপিদুর রহমান, খুলনা হেডকোয়ার্টারের গার্ড গ্রেড-১বি হুমায়ূন কবির এবং গার্ড গ্রেড-২ আতিকুর রহমান।
পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. লিয়াকত শরীফ খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, গার্ড রুমে টিকিটবিহীন যাত্রী পরিবহন শুধু নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয়, এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল।